ফটিকছড়ির দুর্গম অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খিলার এলাকার খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের উদ্যোগে আজ বুধবার (১ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার ও পেন্সিল কাটারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শুধু উপকরণ বিতরণই নয়, শিক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরিতেও কাজ করছে সেনাবাহিনী।

স্থানীয়রা জানান, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবার আর্থিক সীমাবদ্ধতার কারণে শিশুদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করতে পারে না। এ অবস্থায় সেনাবাহিনীর এমন সহায়তা শিক্ষার্থীদের জন্য আশীর্বাদস্বরূপ। এতে শিশুদের বিদ্যালয়মুখী হওয়ার প্রবণতা বাড়বে এবং ঝরে পড়ার হার কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করে। তারা আরও বলেন, সেনাবাহিনীর এই সহায়তা কেবল উপকরণ বিতরণেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের মানসিকভাবে অনুপ্রাণিত করে এবং তাদের স্বপ্ন দেখার সাহস জোগায়।

এলাকাবাসী সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তাদের এমন কার্যক্রম মানুষের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে, যা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।