রাঙামাটিতে পাঁচ বছরে ৪১ হাজার চারা রোপণের উদ্যোগ সড়ক বিভাগের
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সরকারের ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আগামী পাঁচ বছরে ৪১ হাজার চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছরই এক হাজার চারা রোপণ করা হবে।
বুধবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি যৌথ খামার এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ তথ্য জানান রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল।

তিনি বলেন, “প্রথম বছরে এক হাজার চারা রোপণ করা হবে। পরবর্তী চার বছরে প্রতি বছর ১০ হাজার করে আরও ৪০ হাজার চারা রোপণ করা হবে। শুধু চারা রোপণেই সীমাবদ্ধ থাকবো না, রোপিত চারাগুলোর অন্তত দুই বছর নিয়মিত রক্ষণাবেক্ষণও নিশ্চিত করা হবে।”
তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।