ত্রিপুরাদের বৈসু ও চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ত্রিপুরা জাতিগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বৈসু ও বাংলা বর্ষের চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানকে ঘিরে ছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ ডিসপ্লে, যেখানে ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, পোশাক ও ঐতিহ্য তুলে ধরা হয়। পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শোভাযাত্রার উদ্বোধন করেন।
শোভাযাত্রাটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। বর্ণিল পোশাক, বাদ্যযন্ত্র ও নৃত্যের মাধ্যমে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, ত্রিপুরা জাতিগোষ্ঠীর স্বকীয়তা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, কেবল উৎসব আয়োজন নয়, বরং নিয়মিতভাবে আদি সংস্কৃতির চর্চার মাধ্যমেই জাতিসত্তার ধারাবাহিকতা রক্ষা সম্ভব।
প্রসঙ্গত, বৈসু উৎসব পার্বত্য অঞ্চলের ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব, যা নতুন বছরকে বরণ এবং পুরাতন বছরকে বিদায় জানানোর মাধ্যমে উদযাপিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।