মণিপুরের উখরুলে দু’গ্রুপের গোলাগুলির মধ্যে বিএসএফ সদস্য নিহত
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় সশস্ত্র দুই গোষ্ঠী কুকি-জো ও তাংখুল নাগা গ্রামের স্বেচ্ছাসেবকদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনায় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে লিটান থানার অধীন সিকিপুং ও মংকোট চেপু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সদস্যের নাম মিথুন মন্ডল। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং বিএসএফের ১৭০তম ব্যাটালিয়নের কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কর্তৃপক্ষ জানায়, বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এলাকায় টহল (রোড ওপেনিং প্যাট্রোল) চলাকালে সশস্ত্র দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় অজ্ঞাত দিক থেকে ছোড়া একটি গুলি মিঠুন মণ্ডলের শরীরে, বিশেষ করে বাম কাঁধে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ইম্ফলের আঞ্চলিক চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট (রিমস) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা প্রায় ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মরদেহ ময়নাতদন্তের জন্য সংরক্ষণ করা হয়েছে এবং পরদিন পোস্টমর্টেম সম্পন্ন করা হবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। এক শোকবার্তায় তিনি নিহত সদস্যের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করার কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “দুঃখের এই সময়ে আমরা পরিবারের পাশে আছি। রাজ্য সরকার শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে, সাম্প্রতিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবল, কাকচিং ও বিষ্ণুপুর—এই পাঁচ জেলায় মোবাইল ইন্টারনেট ও ডাটা সেবা স্থগিতাদেশ আরও দুই দিনের জন্য বাড়ানো হয়েছে। তবে জনভোগান্তি কমাতে এসব জেলায় জারি করা কারফিউ আংশিক শিথিল করে পরদিন সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনার জেরে সম্প্রতি মণিপুরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় উখরুলসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।