নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার; রোহিঙ্গাসহ আটক ২
Screenshot
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবকসহ দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানটি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় চালানো হয়।
এ সময় একটি টিটি ক্যালিবার ৯ মিলিমিটার পিস্তল (মেড ইন যুগোস্লাভিয়া), একটি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অভিযানে মোঃ ফারুক (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১৩, ব্লক এফ-১ এর বাসিন্দা বলে জানা গেছে।
পরবর্তীতে আটক ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ নুরুল আলম (৩০) নামে আরও একজনকে আটক করা হয়, যিনি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করছিলেন। তাদের পরিকল্পনা ছিল সদর ইউনিয়নের ‘ক্যাফে-১৩’ নামের একটি হোটেলে এসব অস্ত্র হস্তান্তর করা।
বর্তমানে আটককৃতরা উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর হেফাজতে রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে জোরদার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।