রাঙামাটিতে অবরোধের নামে সড়কে প্রতিবন্ধকতা ইউপিডিএফের, জনজীবন স্থবির
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশন্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচির কারণে জনজীবন অচল হয়ে পড়েছে।
আজ শুক্রবার ভোর থেকে রাঙামাটি-নানিয়ারচর প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অবরোধের নামে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইউপিডিএফ সন্ত্রাসীরা।
সংগঠনটির দাবি, রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় ইউপিডিএফের সদস্য ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই তারা এ কর্মসূচি ঘোষণা করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সংঘটিত ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অবরোধের নামে সহিংস পরিবেশ গড়ে তোলে ইউপিডিএফের সন্ত্রাসীরা।
অবরোধের ফলে রাঙামাটি-নানিয়ারচর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহন আটকা পড়ে এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এদিকে ইউপিডিএফের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের মুখপাত্র অংগ মারমা।
তিনি বলেন, ধর্মশিং চাকমা সাংগঠনিক কাজে বিভিন্ন এলাকায় অবস্থান করলেও ‘বৈসাবি’ উপলক্ষে নিজ বাড়িতে ছিলেন। শুক্রবার ভোরে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করে বলে দাবি করেন তিনি। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হন।
তবে এ বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস-এর দায়িত্বশীল কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।