জনদুর্ভোগ বাড়িয়ে অবশেষে অবরোধ প্রত্যাহার করল ইউপিডিএফ, ধর্মশিং হত্যাকাণ্ডের বিচার দাবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কুতুকছড়িতে ইউপিডিএফ সন্ত্রাসী ধর্মশিং চাকমা হত্যাকাণ্ডের প্রতিবাদে ডাকা সড়ক অবরোধ কর্মসূচি কয়েক ঘণ্টা ধরে জনদুর্ভোগ সৃষ্টি করার পর অবশেষে প্রত্যাহার করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ শুক্রবার ভোর থেকে রাঙামাটি-নানিয়ারচর, নানিয়ারচর-মহালছড়ি সড়কের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচির নামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সংগঠনটির কর্মীরা।
অবরোধের কারণে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহন আটকা পড়ে এবং জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।

ইউপিডিএফ নেতৃবৃন্দ জানান, কুতুকছড়ি এলাকায় সংগঠনের গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। তারা এ ঘটনার জন্য প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করেন।
অবরোধ তুলে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটে আসছে, যা মাঝে মধ্যেই সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।