নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (১৮ এপ্রিল) টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় মোতায়েনকৃত নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভার শাপলাচত্বর এলাকা দিয়ে যানবাহনের মাধ্যমে মাদক পাচারের পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নিয়ে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে।
এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কার (করোলা এক্স, চট্টগ্রাম মেট্রো-গ ১১-৭৮১৬) শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও প্রাইভেট কার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে উপকূলীয় ও সমুদ্রপথে মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে উপকূলীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযান জোরদার করায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।