অটোরিকশায় যাত্রী সেজে ইয়াবা পাচার, রামুতে এপিবিএন সদস্য আটক

অটোরিকশায় যাত্রী সেজে ইয়াবা পাচার, রামুতে এপিবিএন সদস্য আটক

অটোরিকশায় যাত্রী সেজে ইয়াবা পাচার, রামুতে এপিবিএন সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের রামুতে অটোরিকশার যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

আটক সজীব বেপারী (২৩) ঢাকার ধামরাই উপজেলার নান্নার এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা টেকনাফ থেকে আসা একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িতে থাকা এপিবিএনের লোগোযুক্ত টি-শার্ট পরিহিত এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটকের সময় তার কাছ থেকে এপিবিএনের কনস্টেবল পদে কর্মরত থাকার পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, কনস্টেবল সজীব বেপারী গত বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। তিনি কীভাবে মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।