কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, যুবককে গুলি

কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, যুবককে গুলি

কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টা ব্যর্থ, যুবককে গুলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ও বাহারছড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অপহরণের চেষ্টা ব্যর্থ হয়ে শহীদ উল্লাহ (২০) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শহীদ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার ছেলে। ঘটনার সময় তিনি একটি দোকান থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ যুবকের ভাই শওকত অভিযোগ করে জানান, পথে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার সৈয়দ আমিন নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারী শহীদ উল্লাহর পিঠে গুলি করে পালিয়ে যায়। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তবে স্থানীয় জনপ্রতিনিধির বর্ণনায় ভিন্ন তথ্য পাওয়া গেছে। টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রশিদ মিয়া জানান, নোয়াখালীপাড়া ব্রিজ এলাকায় বসে থাকার সময় পেছন দিক থেকে অজ্ঞাত এক ব্যক্তি শহীদ উল্লাহকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুবন দাস জানান, রাত ১০টা ১০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। তার পিঠের ডান পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় অপহরণ ও সহিংসতার অভিযোগ নতুন নয়, তবে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed