বাঘাইছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ, নকশা বদলে জমি দখল
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনিতে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, সুবিধাভোগীদের জন্য নির্মিত অন্তত দুটি সরকারি ঘর অবৈধভাবে প্রায় ৪ লাখ টাকায় কেনাবেচা করা হয়েছে। একই সঙ্গে নকশা পরিবর্তন করে অতিরিক্ত জমি দখলের ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমিহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত এসব ঘর কিছু অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।
এছাড়া অনেকেই প্রকল্পের নির্ধারিত নকশা উপেক্ষা করে ঘরের আকার-আকৃতি পরিবর্তন করছেন এবং আশপাশের খালি জায়গা দখল করে নিচ্ছেন। এতে কলোনির পরিকল্পিত অবকাঠামো নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নানা জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, অভিযোগের বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে আশ্রয়ণ প্রকল্পের মূল উদ্দেশ্য—ভূমিহীনদের পুনর্বাসন—সঠিকভাবে বাস্তবায়ন করা যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।