ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ বাংলাদেশী নারী
![]()
নিউজ ডেস্ক
ভারতে পাচারের শিকার দুই নারী সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ভ্রমণ অনুমতিপত্রের মাধ্যমে দেশে ফিরেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাদের হস্তান্তর করেন বলে জানান বেনাপোল অভিবাসন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসা নারীরা হলেন, বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান (৪১) ও কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার (২৪)।
বেনাপোল অভিবাসন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, ভালো কাজের লোভে পড়ে তারা সীমান্ত দিয়ে চোরাই পথে দালালদের মাধ্যমে ২০২৩ সালে রাতে ভারতে যান। সেখানে তারা নয়া দিল্লিতে অবস্থান করেন এবং বাসাবাড়িতে কাজ করতেন। গত বছরের ১১ ডিসেম্বর পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে আদালতে পাঠায়। পরে আদালত তাদের দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠান। সেখানে তারা পাঁচ মাস কারাভোগ করেন।
অভিবাসনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ফেরত আসা নারীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।