পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে সতর্ক অগ্রযাত্রা, আস্থার পরিবেশ গড়ার প্রত্যাশা দীপেন দেওয়ানের
![]()
নিউজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন বিধান অনুযায়ী খুব শিগগিরই পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
তিনি বলেন, পুনর্গঠন প্রক্রিয়ায় কোনো ধরনের ভুল যেন না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোনো হচ্ছে। এর মাধ্যমে নতুনভাবে গঠিত পরিষদগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাশাপাশি তিনি রসিকতার ছলে মন্তব্য করেন, “আমি জিপিএ ফাইভ পাওয়ার চেষ্টা করছি,” অর্থাৎ সর্বোচ্চ মান বজায় রেখেই কাজটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

শনিবার সকালে মোনোঘর আবাসিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমন লার্নিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও জানান, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বিধান অনুসারে এই পরিষদগুলো গঠন করা হবে এবং এতে পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে জাইকা বাংলাদেশের অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা, এমএইচএসডিএফসি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, মোনোঘর আবাসিক বিদ্যালয়ে সভাপতি উদয় শংকর মহাথের প্রমুখ অন্যতম।

বক্তারা পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, বিশেষ করে গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় বা দুর্বলতা রয়েছে, কুমন পদ্ধতির মাধ্যমে তা দূর হবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য, এই কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪০ জন শিক্ষার্থী ব্র্যাক কুমন ইন-স্কুল প্রোগ্রামের মাধ্যমে কুমন মেথডে পড়াশোনার সুযোগ পাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।