মাটিরাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
এ ঘটনায় তিনি মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ‘Time Bulletin, মির্জা কায়কোবাদ’, ‘Selim Bhuiyan’, ‘channel Shakil Khan’ এবং ‘নীল সেঁজুতি (সেঁজু)’ নামের কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মানহানিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করে সাধারণ মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে মো. জিয়াউর রহমান বলেন, “একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারি ও অসাধু চক্র পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও কাল্পনিক তথ্য ছড়িয়ে যাচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই তারা এই অপপ্রচারে নেমেছে।”
তিনি আরও বলেন, “ফেইক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।” একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে এসব ভুয়া আইডির গুজব ও বিভ্রান্তিকর পোস্টে কান না দেওয়ার আহ্বান জানান।
এদিকে মাটিরাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, জিডির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সাইবার অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।