মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ফিশিং বোটসহ আটক ৫২
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে বিপুল পরিমাণ সিমেন্টের বস্তা ও ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) রাতে বঙ্গোপসাগরে টহলকালে পরিচালিত একটি অভিযানে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট ও ৫টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটসহ পাচারচক্রে জড়িতে ওই ৫২ জনকে গ্রেপ্তার করা হয়।
নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে জাহাজ টহলকাজে নিয়োজিত থাকাকালীন সেন্টমার্টিনের অদূরে সন্দেহজনক দু’টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখা যায়। ওই ফিশিং বোটদু’টির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর জাহাজ ‘এফবি মা নুর জাহান’ এবং ‘এফবি হোমাইয়ারা’ নামের ওই ফিশিং বোট দু’টি আটক করে। একপর্যায়ে সেগুলোয় তল্লাশি করে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। সেই সঙ্গে সিমেন্ট পাচারকারী দলের ২২ জনকে আটক করা হয়।

পরবর্তীতে নৌবাহিনীর জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো তারা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সিমেন্ট পাচারের এই ঘটনার সঙ্গে ‘এফবি মা জননী-১’, ‘এফবি আশরাফুল ইসলাম সায়াদ’ ও ‘এফবি হাজি বসিরুল্লাহ’ নামের আরও ৩টি ইঞ্জিনচালিত কাঠের বোট জড়িত রয়েছে। এরপর নৌবাহিনীর টহলরত জাহাজ বিশেষ অভিযান চালিয়ে পাচারচক্রে জড়িত অপর ৩টি ফিশিং বোটসহ আরও ৩০ জনকে আটক করে। অভিযান শেষে জব্দ করা সিমেন্টসহ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।