ডেঙ্গুমুক্ত বান্দরবান গড়তে সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান
![]()
নিউজ ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে বান্দরবানে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। “নিজ আঙিনা পরিষ্কার, ডেঙ্গু রোধের প্রধান হাতিয়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
শনিবার (৬ জুন) সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. শাহিন হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জড়ো হন অংশগ্রহণকারীরা। পরে সেখান থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা এবং আশপাশে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে আমরা অনেকাংশে ডেঙ্গুর ঝুঁকি কমাতে পারি। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পায়। তাই এ সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা জরুরি।
র্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুমুক্ত বান্দরবান গড়ে তোলা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।