সীমান্ত পেরিয়ে মাছ শিকার, আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত

সীমান্ত পেরিয়ে মাছ শিকার, আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত

সীমান্ত পেরিয়ে মাছ শিকার, আরাকান আর্মির গুলিতে রোহিঙ্গা যুবক আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তসংলগ্ন মিয়ানমারের বগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৬ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আহত মোহাম্মদ আইয়ুব (২৮) উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-৪ এর বাসিন্দা। তিনি মৃত কালা মিয়ার ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গত ৫ জুন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মিয়ানমারের বগারদিয়া এলাকায় মাছ ধরতে যান আইয়ুব। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান হাত ও পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তিনি ছোটবিল পোস্ট এলাকায় পৌঁছলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে কেউ যেন মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ না করে, সে বিষয়ে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

গত ৩ জুন উখিয়া সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে একটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া গত ৩০ মে টেকনাফের হ্নীলা সীমান্তসংলগ্ন নাফ নদীতে রোহিঙ্গা ডাকাত দলের গুলিবর্ষণ ও জেলেদের নৌকা লুটের ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *