খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারের দানবাক্স ভেঙে টাকা চুরি করে মারমা যুবক আটক
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি শহরের ইয়ংড বৌদ্ধ বিহারের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। দানবাক্সের টাকা নিয়ে পালানোর সময় মারমা সম্প্রদায়ের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক যুবকের নাম অংলাপ্রু মারমা (২৬)।
তিনি খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার মংসাপ্রু মারমার ছেলে।
জানা গেছে, শনিবার (১৩ জুন) রাত ৯টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নারিকেল বাগান এলাকায় শান্তি পরিবহন কাউন্টারসংলগ্ন স্থানে অংলাপ্রু মারমাকে মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।
পরে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে জানা যায়, ইয়ংড বৌদ্ধ বিহারের দানবাক্স ভেঙে ওই টাকা চুরি করা হয়েছে। এরপর স্থানীয়রা খাগড়াছড়ি সদর থানার টহল পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অংলাপ্রু মারমা ইয়ংড বৌদ্ধ বিহারের দানবাক্স থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিহার কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ মামলা করতে রাজি হয়নি। তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।