মীর হেলালকে সরিয়ে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
![]()
নিউজ ডেস্ক
সদ্য সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও তাকে পুনরায় দায়িত্বে বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সমতলের প্রতিনিধি মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে পার্বত্য অঞ্চলের একজন প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ার দাবিও জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সুষ্মিতা চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সাবেক মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা, বিভিন্ন মৌজার হেডম্যানসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের আস্থাভাজন এবং পার্বত্য অঞ্চলের একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের দাবি, দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে।
তারা আরও বলেন, শারীরিক অসুস্থতার কারণে নয়, বরং চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন—এমন অভিযোগও সামনে এসেছে। মাত্র স্বল্প সময়ের মধ্যে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় পার্বত্য অঞ্চলের জনগণ নিজেদের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হয়েছেন বলে বক্তারা মন্তব্য করেন।
বক্তারা মনে করেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, আস্থা ও উন্নয়ন নিশ্চিত করতে হলে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বকে দায়িত্বে পুনর্বহাল করা প্রয়োজন। তারা দীপেন দেওয়ানকে দ্রুত মন্ত্রীর দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানান।
কর্মসূচি শেষে ‘রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি প্রতিনিধি দল রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।