ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালি শ্রমিককে গুলি: মাটিরাঙ্গায় বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালি শ্রমিককে গুলি: মাটিরাঙ্গায় বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালি শ্রমিককে গুলি: মাটিরাঙ্গায় বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালি শ্রমিক জাহাঙ্গীর আলমকে গুলির ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় মাটিরাঙ্গা বাজারে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি, এমনকি হরতাল আহ্বানের হুঁশিয়ারি দেন বক্তারা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য যুব পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলে নিরীহ বাঙালিদের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদ, নির্যাতিত মোটর শ্রমিক সংগঠন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছোটন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম হেলালসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

এর আগে, গতকাল শনিবার (২০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৭) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *