বান্দরবানে ২ হাজার ৭৭৯ শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের ১ কোটি ৫০ লাখ টাকার শিক্ষাবৃত্তি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১ কোটি ৫০ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। দুই ধাপে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর হাতে এ শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় পর্যায়ের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, জেলা পরিষদের সদস্য নাছির উদ্দীন, পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, একটি জাতির টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীরা যেন আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই পার্বত্য জেলা পরিষদ নিয়মিতভাবে শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
থানজামা লুসাই আরও বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবান ব্যক্তিদেরও শিক্ষাখাতে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান তিনি।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে দুই ধাপে জেলার বিভিন্ন পর্যায়ের মোট ২ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল হলেও মেধাবী শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জেলা পরিষদের এ উদ্যোগকে সময়োপযোগী ও শিক্ষাবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাদের মতে, এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয়, বরং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রেরণারও উৎস।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।