রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা এবং একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৫ জুলাই) দুপুরে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ জানিয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, শহরের হোটেল কসমস সংলগ্ন একটি চিকিৎসকের চেম্বার থেকে বের হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃষ কেতু চাকমা ও মো. গিয়াস উদ্দিনকে আটক করে।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাদের থানায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে আদালতে সোপর্দ করা হবে।
জানা যায়, বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করে আসছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।