কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত

কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত

কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে টানা বৃষ্টিতে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে লিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার স্বামী জসিম উদ্দিন আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে লিমা আক্তার ও তার স্বামী জসিম উদ্দিন মাটিচাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। আহত জসিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রতিবেশীদের দাবি, পাহাড়ের নিচে থাকা আরও কয়েকটি ঘর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। সেখানে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন।

তিনি বলেন, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় এখনও ভূমিধসের ঝুঁকি রয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আটজন, কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় একজন এবং পেকুয়ায় একজনের মৃত্যু হয়। গত দুই দিনে কক্সবাজারে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে ১১ জনের প্রাণহানি ঘটে‌।

কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজাদের রহমান সাউথইস্ট এশিয়া জার্নালকে বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন সংস্থা। পাহাড়ধসে নিহত স্থানীয় প্রত্যেক ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ১৫ হাজার টাকা করে সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *