পার্বত্যাঞ্চলের দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান মীর হেলালের
![]()
নিউজ ডেস্ক
টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল।
মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, গত কয়েক দিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলার, বিশেষ করে রাঙামাটির জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আকস্মিক এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সরকারি সব সংস্থা পার্বত্য এলাকার মানুষের জানমাল রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার স্থানীয় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ, উদ্ধার ও প্রয়োজনীয় মানবিক সহযোগিতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ারও আহ্বান জানান।
এদিকে টানা বর্ষণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড়ধস, জলাবদ্ধতা ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে কাজ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।