পাহাড়ধসের আশঙ্কায় বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসাধারণকে সতর্ক করতে ব্যাপক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার বিকেলে বাড়ি বাড়ি গিয়ে এবং মাইকিং করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা ও প্রধান সড়কে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী শাহা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ভলান্টিয়ার বাংলাদেশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
প্রচার কার্যক্রমে পাহাড়ের পাদদেশ, ঝুঁকিপূর্ণ ঢাল ও ভূমিধসপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক করা হয়। একই সঙ্গে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে প্রয়োজন হলে দ্রুত সরকারি আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী বলে উল্লেখ করেছেন এবং দুর্যোগ পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।