মানবিক সহায়তা নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালো সেনাবাহিনীর দীঘিনালা জোন
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ও আশেপাশের দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। বন্যাকবলিত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রমও পরিচালনা করছে জোন কর্তৃপক্ষ।
বুধবার (৮ জুলাই) দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বন্যাকবলিত কোবাখালী এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, প্রয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে জোন অধিনায়ক জানান, দুর্যোগকালীন সময়ে স্থানীয় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কবাখালী ও আশেপাশের বিস্তীর্ণ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়ে তারা চরম দুর্ভোগে পড়েন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে দীঘিনালা জোন। প্রয়োজন অনুযায়ী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও সম্প্রসারণের প্রস্তুতিও রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের শুরু থেকেই সেনাবাহিনী তাদের পাশে রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।