পানছড়িতে অবৈধ ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা

পানছড়িতে অবৈধ ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা

পানছড়িতে অবৈধ ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে এক্সকাভেটর দিয়ে চুল্লির মুখ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যাতে ভাটাটি পুনরায় চালু করা না যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এম এস আর ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।

পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫(১) ও ১৫ ধারায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অর্থদণ্ড প্রদানের পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রথমে পানি দিয়ে চুল্লির আগুন নেভানো হয়। পরে এক্সকাভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে চুল্লির মুখ ভেঙে ফেলা হয়। এর ফলে ভাটাটির পুনরায় উৎপাদন কার্যক্রম চালানোর সুযোগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পার্বত্য এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *