পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
![]()
নিউজ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১১ জুলাই) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্তের ৮৩৩/৯-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট দিয়ে তিন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই তিন নারী বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি।
বর্তমানে ওই তিন নারী আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।
তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।