বন্যাকবলিত লামার গজালিয়ায় পানিবন্দি ২১ পরিবারের পাশে সেনাবাহিনীর আলীকদম জোন
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্দা পাড়ার ২১টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।
জানা গেছে, টানা বৃষ্টিতে গজালিয়া ইউনিয়নের গাইন্দা পাড়ার ২১টি বসতবাড়ি প্লাবিত হলে প্রায় ৭৫ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েন। আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের জন্য আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হলেও তারা এখনো সরকারি ত্রাণ সহায়তা পাননি।
বন্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন পরিস্থিতির খোঁজখবর নিয়ে গজালিয়া আর্মি ক্যাম্পের মাধ্যমে তাৎক্ষণিক মানবিক সহায়তা কার্যক্রম শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে সেনাসদস্যরা দুর্গত এলাকায় পৌঁছে ২১টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এবং রান্না করা দুপুরের খাবার বিতরণ করেন। একই সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
ত্রাণ সহায়তা পেয়ে স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় তাদের দুর্ভোগ অনেকটাই কমেছে এবং সংকট মোকাবিলায় তারা তাৎক্ষণিক স্বস্তি পেয়েছেন।
আলীকদম জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।