রামগড়ে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৮১ পরিবারকে ত্রাণ দিল উপজেলা প্রশাসন
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২৮১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ জুলাই) উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম। এ সময় ১৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল এবং ১৪টি পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি শুকনো খাবারের প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬টি মোমবাতি, ২টি দিয়াশলাই, ২ প্যাকেট বিস্কুট, ২ প্যাকেট খাবার স্যালাইন এবং ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

এর আগে, রামগড় পৌরসভা ও ১ নং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও চাল ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, রামগড় উপজেলার দুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মোট ২৮১টি পরিবারের মধ্যে ১২৭টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেট এবং ১৫৪টি পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম পরিস্থিতি অনুযায়ী অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ত্রাণ বিতরণকালে উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।