কাপ্তাইয়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই জোনের আওতাধীন বাঙ্গালহালিয়া সাবজোনে পাহাড়ধস ও টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি এলাকার ৩৯টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৪ জুলাই) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প-এর আওতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
কাপ্তাই জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ-এর দিকনির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে জোনের দায়িত্বপূর্ণ বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়া ও সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা প্রদান করা হয়।
এ সময় বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মো. এস. আরেফিন কাকড়াছড়ি এলাকার ৩৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে শুকনো খাদ্যসামগ্রী এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য (মেম্বার), কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।