বন্যায় ক্ষতিগ্রস্তদের বসতঘর সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
![]()
জার্নাল ডেস্ক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বন্যাকবলিত বান্দরবান পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, বন্যায় বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা আমবাগান এলাকার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় যেসব বসতঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
তিনি আরও বলেন, পাহাড়ের কোনো মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত থাকবে না। যেসব এলাকায় বন্যা ও ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেগুলো আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে সচল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রী জানান, বন্যাদুর্গত মানুষের জীবনমান পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।