১০ আগস্ট প্রধানমন্ত্রীর উদ্বোধন, কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি হচ্ছে ‘এসডিজি ভিলেজ’
![]()
জার্নাল প্রতিবেদক
আগামী ১০ আগস্ট রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে দেশের আরও দুটি গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মিতিঙ্গাছড়ি গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
তিনি জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করা হবে। এর মধ্যে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এ কর্মসূচির আওতায় দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া জলাবদ্ধতা নিরসন, জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা এবং টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
কাপ্তাই উপজেলা প্রশাসন জানায়, এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণার মাধ্যমে মিতিঙ্গাছড়ি গ্রামকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের মডেল গ্রামে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়ি ঘোষণার মাধ্যমে গ্রামটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এটি দেশের অন্যান্য গ্রামের জন্য একটি অনুসরণীয় উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।