ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৬ টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে জিরাগুলো জব্দ করেন।
সন্ধ্যায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশির জন্য থামানো হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৬ টন ভারতীয় জিরা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, জব্দ করা ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।