যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে হত্যাচেষ্টা: ডাকাতচক্রের ৩ সদস্য গ্রেফতার

যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে হত্যাচেষ্টা: ডাকাতচক্রের ৩ সদস্য গ্রেফতার

যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে হত্যাচেষ্টা: ডাকাতচক্রের ৩ সদস্য গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের লামায় যাত্রীবেশে সিএনজি ভাড়া নিয়ে চালককে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টার পর সিএনজি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশা ও লুণ্ঠিত মোবাইল ফোন।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ তদন্ত, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানের ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ঘটনার মূল হোতাসহ তিন ডাকাতকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বরগুনা জেলার বামনা উপজেলার ছোলার ভাঙা হুজুর বাড়ির মো. ফারুকের ছেলে আলাউদ্দিন (২৬), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মো. শওকত ওরফে শহীদ (৩৩) এবং টেকনাফ উপজেলার হাজমপাড়া এলাকার রমজান আলী (৩০)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজালিয়া সিএনজি স্টেশন থেকে চারজন ব্যক্তি যাত্রীবেশে চালক নুরু আলমের সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। গন্তব্য ছিল লামা বাজার-ফাইতং সড়ক।

পথিমধ্যে গাড়িটি নির্জন বদরটিলা এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা চালককে গাড়ি থামাতে বাধ্য করে। পরে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং বেদম মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। এরপর সিএনজি, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা চালক নুরু আলমকে উদ্ধার করে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

ঘটনার পর ভুক্তভোগী নুরু আলম বাদী হয়ে লামা থানায় দস্যুতা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সার্বিক তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই সত্যজিৎ বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতচক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ধারাবাহিক অভিযানে গত ৬ জুলাই বরগুনা জেলা থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরদিন ৭ জুলাই চট্টগ্রামের সাগরিকা এলাকা থেকে গ্রেফতার করা হয় এই ঘটনার মূল পরিকল্পনাকারী শওকত ওরফে শহীদকে। পরে ৮ জুলাই কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করা হয় রমজান আলীকে।

গ্রেফতারের পর রমজান আলীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশের দাবি, ডাকাতচক্রটি বিভিন্ন এলাকায় একই কৌশলে যাত্রীবেশে গাড়ি ভাড়া নিয়ে চালকদের ওপর হামলা চালিয়ে যানবাহন ছিনতাই করত। উদ্ধার হওয়া আলামত ও আসামিদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সত্যজিৎ বড়ুয়া জানান, গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আলাউদ্দিন ও রমজান আলী নিজেদের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা ডাকাতচক্রের আরও কয়েকজন সদস্যের নাম ও ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া সিএনজি ও মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মামলার আরও কয়েকজন আসামি এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed