খাগড়াছড়ির মাটিরাঙায় পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক জেল-জরিমানা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ২৫ জুন বৃহস্পতিবার বিকেলের দিকে মাটিরাঙা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার ববি এ অভিযান পরিচালনা করেন।
সূত্র মতে, উপজেলার বড়নাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোট রামশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাহাড় কেটে মাটি দিয়ে সংলগ্ন নিচু জমিতে বাঁধের ভরাট কাজ করার অপরাধে মোঃ তাজুল ইসলামকে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সময়ে বেলছড়ি ইউনিয়নে ছোটখালের পাড় কেটে বালু উত্তোলনের দায়ে পরিবেশ আইনের ৬ (ঙ) ধারায় মোঃ আবুল কালাম নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাটিরাঙার সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আকতার ববি।
মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।