লামায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
![]()
জার্নাল প্রতিবেদক
“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদ।
আলোচনা সভার সূচনাপর্বে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শরিফ এবং ছাত্রশক্তির আহ্বায়ক আলী হায়দার রাব্বি। পরে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, এনসিপি প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হাসান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব, সাবেক পৌর মেয়র আমীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। তাদের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
আলোচনা সভা শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত ‘পথ’ (ফিকশন), ‘জুলাই কন্যা’, ‘জুলাইয়ের চিঠি’ এবং ‘চক্ষুহীন অঙ্গহীনের কথা’ শীর্ষক তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসব প্রামাণ্যচিত্রে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিক, আত্মত্যাগ এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়।
পরে লামা মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইব্রাহিম জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।