খাগড়াছড়ির মাটিরাঙায় খাস ভূমি দখল করে বৌদ্ধ বিহার নির্মাণ, প্রশাসনিক বাঁধার মুখে গাছ লাগিয়ে পুনরায় দখলের চেষ্টা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়-মাটিরাঙা সীমান্তবর্তী একটি এলাকায় ধর্মীয় উপাসনালয়ের নামে সরকারি খাস ভূমি দখলের অভিযোগ উঠেছে একটি স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে। আর আইন-শৃঙ্খলাবাহিনীর পক্ষ হতে সরকারি খাস ভূমিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বৌদ্ধ বিহার নির্মাণ না করার অনুরোধ জানানোর পর এবার সেখানে ফলজ ও বনজ চারা লাগিয়ে স্বার্থান্বেষী মহলটি পুনরায় উক্ত ভূমি দখলের পাঁয়তারা করছে বলে জানা গেছে।
সূত্র মতে, গতমাসে মাটিরাঙা উপজেলার ৬নং ইউনিয়নের অভ্যা মৌজাধীন ৯ নং ওয়ার্ডের কয়েকজন লোক হঠাৎ করেই প্রশাসন কিংবা ভূমি অফিসের কোন প্রকার অনুমতি ছাড়াই টিলাবাড়ী নামক পাহাড়ে একটি বৌদ্ধ বিহার নির্মাণের নামে সরকারি খাস ভূমি দখলের চেষ্টা চালায় উপজাতি একটি স্বার্থান্বেষী মহল, এমনকি সরকারি নিষেধাজ্ঞা স্বত্ত্বেও উক্ত মহলটি পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে বিশালাকার একটি পাহাড় কেটে বৌদ্ধ মন্দির নির্মাণের স্থানও নির্ধারণ করে। তাৎক্ষনিক স্থানীয় উপজাতি মুরুব্বিরা বিষয়টি বিজিবিকে জানালে, গত ১২ মে মঙ্গলবার ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) এর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় হেডম্যান-কার্বারীসহ এলাকার মুরুব্বীদের উপস্থিতিতে বিহার নির্মাণকারী উপজাতীয়দের কাছে খাস ভূমিতে তড়িঘড়ি করে ঘর নির্মাণের কারণ জানতে চাইলে, তারা বিজিবির কাছে উক্ত ভূমি তাদের ব্যক্তি মালিকানাধীন বলে দাবি করেন, কিন্তু বিজিবির পক্ষ হতে তাদের কাছে জমির মালিকানা দলিল দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। পরবর্তীতে বিজিবি সদস্যরা এলাকার উপজাতি মুরুব্বিদের মতামতের ভিত্তিতে তাদেরকে প্রশাসন কিংবা ভূমি অফিসসহ যথাযথ কর্তৃপক্ষ কিংবা ভূমির মালিকের অনুমতি নিয়ে বৌদ্ধ বিহার নির্মাণ করার অনুরোধ করেন। এরপর উক্ত খাস ভূমির কোন কাগজপত্র না থাকায় কিছুদিন ধরে বৌদ্ধ বিহার নির্মাণের কাজ বন্ধ থাকলেও সম্প্রতি স্বার্থান্বেষী, ভূমি দস্যু চক্রটি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার উক্ত বিবাদমান ভূমিতে চক্রটি প্রায় ৩শত বনজ ও ফলজ গাছের চারা লাগিয়ে তা নতুন করে দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় উপজাতি মুরুব্বী জানান, পাহাড়ের আঞ্চলিক একটি সশস্ত্র সংগঠনের সশস্ত্র কর্মীরা নিজেরা আড়ালে থেকে সাধারণ উপজাতীদের দিয়ে সরকারি এ খাস ভূমিটি দখল করাচ্ছে।
খাস ভূমি দখল করে বৌদ্ধ বিহার নির্মাণের বিষয়ে জানতে চাইলে গত ১৬মে মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিষন কান্তি দাস জানান, এবিষয়ে তার কাছে কোন তথ্য নেই। তবে কেউ যদি ব্যক্তিমালিকানাধীন ভূমিতে বিহার নির্মাণ করে তাতে প্রশাসনের কোন সমস্যা নেই, কিন্তু অনুমতি ছাড়া পাহাড় কাটা এবং সরকারি খাস ভূমিতে বিহার নির্মাণ করা আইনত দন্ডনীয় অপরাধ।