আলীকদমে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক, খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ

আলীকদমে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক, খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ

আলীকদমে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক, খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক। বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যাকবলিত ২০০টি পরিবারের মাঝে সাত দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের ব্র্যাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব সহায়তা বিতরণ করা হয়। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির অংশ হিসেবে ‘আকস্মিক বন্যায় পাশে আছি’ প্রতিপাদ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় ব্র্যাক আলীকদম শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আকস্মিক বন্যার শুরু থেকেই উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্র্যাক জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করতে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের বিশেষ অনুদানে এ সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে প্রায় ৪ হাজার ৫০০ টাকা মূল্যের সাত দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর একটি প্যাকেজ এবং সবজি ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য অতিরিক্ত ১ হাজার টাকা নগদ প্রদান করা হয়। ফলে প্রতিটি পরিবার মোট প্রায় ৫ হাজার ৫০০ টাকার সহায়তা পেয়েছে।

আলীকদমে বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক, খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ

সহায়তা প্যাকেজে ছিল ১৪ কেজি চাল, ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মটর ডাল, ১ কেজি সুজি, ১ কেজি বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০টি ওআরএস (খাবার স্যালাইন) এবং ৫ লিটার বিশুদ্ধ পানি।

প্রধান অতিথি সাইফুল ইসলাম রিমন বলেন, “দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “মানবিক সহায়তা ব্র্যাকের সামাজিক দায়বদ্ধতার অন্যতম অংশ। দুর্যোগের শুরু থেকে ত্রাণ, পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে ব্র্যাক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহায়তা গ্রহণকারী পরিবারগুলো জানায়, আকস্মিক বন্যায় তাদের ঘরবাড়ি, কৃষিজমি ও আয়ের উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা তাদের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় বড় সহায়ক হয়েছে এবং নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।

স্থানীয়রা মনে করছেন, প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন সমন্বিত মানবিক সহায়তা পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করে তুলবে এবং দুর্গত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সহজ করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed