লংগদুতে অটোরিকশাচালককে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

লংগদুতে অটোরিকশাচালককে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

লংগদুতে অটোরিকশাচালককে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় এক অটোরিকশাচালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মুসলিম ব্লক এলাকার একটি সেগুন বাগানে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালকের নাম আমির হোসেন (৩০)। তিনি উপজেলার বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা এবং আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় আমির হোসেন মোবাইল ফোনে স্থানীয় বাসিন্দা বেলালকে কল করে সাহায্য চান। বেলাল জানান, ফোনে আমির শুধু বলেছিলেন, “আমাকে বাঁচান ভাই।”

খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, সড়কের পাশে অটোরিকশাটি পড়ে রয়েছে এবং কিছুটা দূরে সেগুন বাগানের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আমির হোসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতের স্বজনদের দাবি, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারধর করার পর তার কাছে থাকা প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আমির হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখ ও মাথায় গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

দিনদুপুরে এমন হামলা ও ছিনতাইয়ের অভিযোগে লংগদু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের টহল জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed