প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে ছিটকে পড়ে পর্যটক অক্ষর শৌভিক রায়ের (৩১) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেলে নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের মালিক মোহাম্মদ ফরিদকে প্রধান আসামি করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সাউথইস্ট এশিয়া জার্নালকে বলেন, “নিহত পর্যটক অক্ষর শৌভিক রায়ের পরিবারের সদস্যরা কক্সবাজার সদর থানায় এসেছেন। নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের মালিককে প্রধান আসামি এবং আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপারকে দেওয়া হয়েছে।”

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে অক্ষর শৌভিক রায় কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর সমুদ্র সৈকতে বেড়াতে যান। সেখানে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের মালিক মো. ফরিদের প্রলোভনে তিনি একটি প্যারাসেইলিং রাইডে অংশ নেন। অভিযোগে বলা হয়েছে, অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, অবহেলা এবং দুর্বল পরিচালন ব্যবস্থার কারণে মাঝ আকাশে প্যারাসেইলিংয়ের দড়ি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধারকর্মী বা লাইফগার্ড না থাকায় তাকে উদ্ধার করতে বিলম্ব হয়। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও ফুটেজেও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও অবহেলার বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এ ঘটনার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈকতকর্মী ও কক্সবাজার পৌরসভার সহযোগিতায় ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং প্রতিষ্ঠানের সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নির্মিত অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

এ ব্যাপারে ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেলিং এর মালিক মোহাম্মদ ফরিদ মোবাইলে বলেন, “আমি চিকিৎসার উদ্দেশে ঢাকায় অবস্থান করছি। এই মুহূর্তে কথা বলতে পারছি না।”

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “জেলা প্রশাসন থেকে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালনার কোনো অনুমোদন দেওয়া হয়নি। সাম্প্রতিক দুর্ঘটনার পর কক্সবাজারে সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed