ফেনী সীমান্তে ফের নাইজেরিয়ার নাগরিক আটক
![]()
জার্নাল প্রতিবেদক
ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় নাইজেরিয়ার এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সুমনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম অস্টিন। তার বয়স ৩৯ বছর।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই নাইজেরিয়ানকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক অস্টিন জানায়, গত মার্চ মাসে সে বাংলাদেশে এসেছিল। ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে পরশুরামের নিজকালিকাপুর এলাকায় আসেন। আটকের পর তাকে পরশুরাম মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরশুরাম সীমান্তের নিজকালিকাপুর রুটটি মানবপাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। রুটটি ব্যবহার করে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশি নাগরিকদের ভারতে ও বাংলাদেশে অনুপ্রবেশ করিয়ে থাকে।
পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, বিজিবি এক নাইজেরিয়ানকে আটকের পর থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়েছে।
এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, আটক ব্যক্তিকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৩ মার্চ গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্যানুযায়ী, পরশুরাম সীমান্ত থেকে এক বছরে ৯ জন বিদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।