লালমনিরহাটের পাহাড়ি ঢলে দহগ্রামে সড়ক ধস, মেরামতের মালামাল আটকে দিল বিএসএফ
সড়ক মেরামতের মালামাল নিয়ে যাওয়া সড়ক ও জনপথ বিভাগের ট্রাকটি তিন বিঘা করিডোরে আটকে দেয় বিএসএফ।
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির পানির তোড়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতার প্রধান পাকা সড়কটি ধসে গিয়ে যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগ নিরসনে লালমনিরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের উদ্যোগ নিলেও তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মেরামতের মালামালবাহী ট্রাক তিন বিঘা করিডোরে বিএসএফ আটকে দেওয়ায় সড়ক সংস্কারের কাজ আপাতত বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী, মুমূর্ষু রোগী ও বিজিবি সদস্যসহ পুরো এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টার দিকে সীমান্ত পেরিয়ে ভারতের উজান থেকে তীব্র বেগে পাহাড়ি ঢল বাংলাদেশে প্রবেশ করে। পানির প্রচণ্ড স্রোত প্রথমে বিস্তীর্ণ আবাদি জমি প্লাবিত করে দহগ্রাম-আঙ্গরপোতার ‘সিস্টায়ার বাজার’ এলাকার পাকা সড়কে সজোরে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পানির স্রোতে সড়কটির একটি বড় অংশ ধসে গিয়ে বিশাল খাদের সৃষ্টি হয়।
এর ফলে সিস্টায়ার বাজারসংলগ্ন এলাকার অন্তত দুই হাজার পরিবারের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থিত বিজিবি ক্যাম্পের সদস্যদের স্বাভাবিক টহল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া পানির তোড়ে বিস্তীর্ণ এলাকার সদ্য রোপিত আমন ধানের ক্ষেত তলিয়ে গিয়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
সড়কটি বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ দ্রুত চলাচলের উপযোগী করতে উদ্যোগ নেয়। তবে মেরামতের জন্য বালুসহ জরুরি সামগ্রী নিয়ে যাওয়া একটি ট্রাক তিন বিঘা করিডোরে পৌঁছালে বিএসএফ সদস্যরা সেটি দহগ্রামে প্রবেশ করতে না দিয়ে আটকে দেয়। বর্তমানে ট্রাকটি বিজিবি চেকপোস্টের সামনে পড়ে রয়েছে।
যানবাহন চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসার প্রয়োজনে উপজেলা সদরে যেতে চাওয়া রোগী ও অন্তঃসত্ত্বা নারীরা। পাশাপাশি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগামী শত শত শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে।
ক্ষুব্ধ বাসিন্দারা জানান, ভারতীয় ঢলের পানিতে দেশের রাস্তা ও ফসলি জমি ধসে গেল, অথচ সেই রাস্তা মেরামতের মালামাল আনতেও বিএসএফ বাধা দিচ্ছে—এ যেন এক দ্বিমুখী নির্যাতন। দ্রুত কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এ সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা।
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ওসমান গনি জানান, জনভোগান্তি কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত সাময়িক চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মালামালবাহী ট্রাকটি তিন বিঘা করিডোরে পৌঁছালে বিএসএফ সদস্যরা সেটি আটকে দেয় এবং দহগ্রামে প্রবেশ করতে দেয়নি। বিএসএফের বাধার মুখে মেরামতের মালামাল গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।