বালুর নিচে কোটি টাকার ভারতীয় জিরা
![]()
জার্নাল প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরাসহ একটি ডাম্পার ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্পার ট্রাক সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকে বহন করা বালুর নিচে অভিনব কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে জিরাসহ ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ভারতীয় জিরা ও ডাম্পার ট্রাকের মোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত মালামাল ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজয়নগর, আখাউড়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।