মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে রামগড়ে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬’
![]()
জার্নাল প্রতিবেদক
মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে খেলাধুলামুখী করা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬’। “দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ম্যারাথনে খাগড়াছড়িসহ ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে আসা তিন শতাধিক দৌড়বিদ অংশ নেন।
হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ ম্যারাথন শুক্রবার (৭ আগস্ট) ভোরের আলো ফুটতেই প্রাণবন্ত হয়ে ওঠে। সকাল ৬টায় উপজেলার ১ নম্বর ইউনিয়নের বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে দৌড় শুরু হয়। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরিহিত প্রতিযোগীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন।
অংশগ্রহণকারীদের উদ্দীপনা, শৃঙ্খলা এবং দর্শকদের উৎসাহ আয়োজনটিকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

ম্যারাথন শুরুর আগে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষক ইমাজ উদ্দিন এবং খাগড়াছড়ির অ্যাথলেটিক্স প্রশিক্ষক জীবন ত্রিপুরা। নিরাপদে দৌড় সম্পন্ন করার পাশাপাশি শারীরিক সক্ষমতা, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব নিয়েও তারা দৌড়বিদদের উদ্বুদ্ধ করেন।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ বাস্তবতায় যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সুস্থ, শৃঙ্খলাপূর্ণ জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ম্যারাথনে প্রথম হয়েছেন দৌঁড়বিদ মেহেদি হাসান।
হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও একটি প্রজন্মকে ধ্বংস করে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ম্যারাথনের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চাই। পাশাপাশি তরুণদের সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করতে চাই।”

ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা জানান, রামগড়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম। এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং সমাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ নিবন্ধন করে ম্যারাথনে অংশ নেন। সফল আয়োজনের ধারাবাহিকতায় ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা, স্বাস্থ্যসচেতনতা ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আয়োজকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।