কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ, সর্বোচ্চ জিপিএ-৫ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে
![]()
জার্নাল প্রতিবেদক
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৮৮ শতাংশ। এ বছর উপজেলার এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে পাসের হার ৪৯ দশমিক ৬৭ শতাংশ, দাখিলে ৬৭ দশমিক ২০ শতাংশ এবং কারিগরিতে ৫৩ দশমিক ৪৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, এ বছর কাপ্তাই উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় মোট ৮৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৪৬ জন। এসএসসিতে পাসের হার ৪৯ দশমিক ৬৭ শতাংশ। এ পরীক্ষায় মোট ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এসএসসি ফলাফলে কাপ্তাই উপজেলার মধ্যে সবচেয়ে ভালো করেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৪ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ০৫ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭ জন, কাপ্তাই উচ্চ বিদ্যালয় থেকে ২ জন এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, চিৎমরম উচ্চ বিদ্যালয়, কেপিএম স্কুল ও সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
দাখিল ও কারিগরিতেও ফল
এ বছর কাপ্তাই উপজেলার দুটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট ১২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮৪ জন পাস করেছে। দাখিলে পাসের হার ৬৭ দশমিক ২০ শতাংশ।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৩ জন। কারিগরি পরীক্ষায় পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ।
ফল প্রকাশের পর কাপ্তাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ৩৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।