পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শহিদুল ইসলাম সুমন এবং পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য তাদের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশের নেতৃত্বে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার অন্যতম লক্ষ্য। কৃতি শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক অনুপ তালুকদার কৃতি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরেন।

শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিকভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিত পাঠদান, মনিটরিং এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে বলেন, প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের এমন অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক। তাদের সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

আলোচনা সভা শেষে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় A+ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *