কাপ্তাই লেকের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙ্গামাটির কাপ্তাই লেকের সীমানা জরিপ করে চার মাসের মধ্যে অবৈধ দখলদারদের তালিকা দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক সম্পূরক আবেদনের শুনানি শেষে রোববার (১৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি জানান, চার মাসের মধ্যে কাপ্তাই লেকের প্রকৃত ম্যাপ অনুসারে সীমানা জরিপ করে এর ভেতরে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম-ঠিকানাসহ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত আগামী ২০২৭ সালের ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করেন। আদালত আদেশে রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে এ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে অবৈধ দখলদারদের দ্বারা দূষণ ও দখল করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। ২০২২ সালের ১৭ অক্টোবর রুল জারি করেন আদালত।
এ অবস্থায় এইচআরপিবির পক্ষে একটি সম্পূরক আবেদন করে রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে কাপ্তাই লেকের ম্যাপ অনুসারে সীমানা জরিপ ও অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশনা প্রার্থনা করেন।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, বর্তমানে অনেক অবৈধ দখলদাররা তাদের নিজের মালিকানা দাবি করছেন। এ কারণে তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। এ কারণে জরিপ করে প্রকৃত দখলদারদের চিহ্নিত করা প্রয়োজন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।