স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম
![]()
জার্নাল প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। এ লক্ষ্যে এখন থেকেই তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “আগামীতে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নেব। তাই এখন থেকেই সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে।”
তিনি বলেন, প্রতিটি এলাকায় অল্পসংখ্যক নেতাকর্মী থাকলেও তাদের নিয়ে সাংগঠনিক কমিটি গঠন করে কার্যক্রম এগিয়ে নিতে হবে। শুধু কমিটি গঠন করলেই হবে না, নেতাকর্মীদের মানুষের কাছে যেতে হবে এবং সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও স্থানীয় বাস্তবতা সম্পর্কে সরাসরি জানতে হবে।
সারজিস আলম বলেন, রাজনৈতিক সংগঠনের মূল শক্তি তৃণমূলের মানুষ। তাই এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাদের কথা শোনার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
পাহাড়ি এলাকায় কর্মকর্তাদের পদায়ন নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, পাহাড়ি এলাকায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি করা হচ্ছে। এর ফলে এমনিতেই পিছিয়ে থাকা পার্বত্য এলাকার প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন আরও বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, “পাহাড়ি এলাকা এমনিতেই অনেক পিছিয়ে আছে। এর মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিমূলক বদলি হিসেবে এখানে পাঠানো হলে এলাকার সমস্যাগুলো আরও বাড়ে।”
পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, পাহাড়ের মানুষের উন্নয়ন ও সরকারি সেবা নিশ্চিত করতে প্রশাসনের দক্ষতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রাশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির বান্দরবান পার্বত্য জেলা শাখার আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী।
সমন্বয় সভায় বান্দরবানের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলে কমিটি গঠন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় নেতাকর্মীদের সংগঠন বিস্তারে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি আগামী দিনের নির্বাচনী রাজনীতির জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।