গত ১৭ বছরে অনেক অসংগতি ও বাস্তব চিত্র গণমাধ্যমে যথাযথভাবে আসেনি- রাঙামাটিতে মীর হেলাল
![]()
জার্নাল প্রতিবেদক
গত ১৭ বছরে দেশের বিভিন্ন এলাকার অনেক অসংগতি, সত্য সংবাদ ও বাস্তব চিত্র গণমাধ্যমে যথাযথভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
তিনি বলেন, বর্তমানে মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে দেশের সংবাদমাধ্যমগুলোকে জনগণের মনের ভাষা বুঝে এবং দেশের স্বার্থ সমুন্নত রেখে সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
রোববার (২৩ আগস্ট) দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক সভাপতি সুনিল কান্তি দে, সহসভাপতি অলি আহমেদসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “গত ১৭ বছরে অনেক অসংগতি, সত্য সংবাদ এবং বাস্তব চিত্র যথাযথভাবে উঠে আসেনি।” বর্তমান সময়ে গণমাধ্যমের সামনে মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগকে দায়িত্বশীলতার সঙ্গে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, এখন দেশে অনেক সংবাদমাধ্যম রয়েছে। রাঙামাটিসহ দেশের বিভিন্ন এলাকার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে জনগণের মনের ভাষা বুঝতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থকে সমুন্নত রেখে সংবাদ পরিবেশনের বিষয়ে সচেষ্ট থাকতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হচ্ছে জনগণের কথা তুলে ধরা এবং সমাজের বিভিন্ন অসংগতি ও সমস্যার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যার বিষয় গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, উন্নয়নের সম্ভাবনা, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সম্পর্কে সঠিক তথ্য গণমাধ্যমে উঠে আসা প্রয়োজন।
তার মতে, মাঠপর্যায়ের বাস্তবতা সংবাদমাধ্যমে যথাযথভাবে উঠে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো আরও স্পষ্ট হয়। এর মাধ্যমে মানুষের সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়।
মীর হেলাল বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ শুধু মানুষের তথ্য জানার অধিকার পূরণ করে না, বরং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনাগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বাস্তব চিত্র, মানুষের প্রত্যাশা এবং উন্নয়ন সম্ভাবনা আরও কার্যকরভাবে উঠে এলে সরকারের উন্নয়ন কার্যক্রমও অধিকতর জনমুখী ও কার্যকর হবে।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ এবং এ অঞ্চলের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।